প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে এসে ঢাকার ধামরাইয়ে লক্ষ্মী রানি নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার প্রেমিক স্বপন অধিকারীকে আটক করা হয়েছে।নিহত লক্ষ্মী রানি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী ধামরাইয়ের রবীন্দ্র অধিকারীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার রাত আটটার দিকে স্বপনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানি। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে স্বপন কৌশলে ওই তরুণীকে রেখে অন্যত্র চলে যান। আজ ভোরে ওই বাড়িতে লক্ষ্মী রানির ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক স্বপন অধিকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।