সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন স্থানীয় বিএনপি নেতা শামিমুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনবিষয়ক মতবিনিময় সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় সংসদ সদস্য আয়নুল হক অক্ষত থাকলেও তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।
হামলার বিষয়ে সংসদ সদস্য আয়নুল হক অভিযোগ করেন, এর পেছনে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীরা জড়িত। তবে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
জানা গেছে, চান্দাইকোনা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সংসদ সদস্যের দেওয়া একটি ডিও লেটার (আধা-সরকারি পত্র) কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউজ্জামান জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন