হবিগঞ্জের চুনারুঘাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে এক যুবলীগ নেতার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কে এম আনোয়ার হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অগ্নিকাণ্ডের সময় তিনি তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘর ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা, এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে চুনারুঘাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা দেরি করেছে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো বলে দাবি তাদের।
আপনার মতামত লিখুন