মানিকগঞ্জের দৌলতপুরে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিয়ার মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ওঠে, ওই বরাদ্দ থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা (মোট ২ দশমিক ৫ মেট্রিক টন) চাল বিতরণের বদলে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে সরিয়ে রাখা হয়। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করে উপজেলা প্রশাসন।
বাড়ির মালিক জাহানারা আক্তার জানান, অভিযুক্ত দুই ইউপি সদস্য চালগুলো তার বাড়িতে মজুত করেছিলেন এবং দুই দিন পর নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
ধামশ্বর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, বরাদ্দকৃত চাল ক্রয়-বিক্রয় বা অপব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি হওয়া উচিত।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার জানান, চাল আত্মসাতের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দুই ইউপি সদস্যকে আজ আদালতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম পাওয়ামাত্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন