মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৪ মে) ভোর পৌনে পাঁচটার দিকে শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি খালের ওপর কাঠের পাটাতন দিয়ে নির্মিত দোকানগুলো থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, একটি দোকানে সিএনজিচালিত অটোরিকশা, গ্যাস সিলিন্ডার ও পাটের বস্তা মজুত থাকায় বড় ধরনের বিস্ফোরণের শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা ও পর্যাপ্ত পানি পাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে একই সারির আরও কয়েকটি দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডে চা ও মুদি দোকানসহ বিভিন্ন মালিকানাধীন ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মীরা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে বন্ধ দোকানের তালা ও শাটার কেটে ভেতরে পানি দেওয়ার ব্যবস্থা করেন। অগ্নিকাণ্ডের সময় সড়কে যানজটের সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের সহায়তায় তা দ্রুত স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। পানির উৎস কাছে থাকায় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
আপনার মতামত লিখুন