শিশু রামিসাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন সাংস্কৃতিক কর্মীরা। শনিবার (২৪ মে) বিকেল পাঁচটায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সামনে এই কর্মসূচি পালন করা হয়।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা ও সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ’ আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা শিশু ও নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি অশোক সাহা বলেন, ‘বিদ্যমান আইন শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না। আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। শিশুদের সুরক্ষায় দ্রুত বিচার নিশ্চিত করে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
নারী সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে বলেন, রামিসা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের এমন শাস্তি দিতে হবে, যা দেখে অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ও ভবিষ্যৎ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান লাকী ও কবি কনক চৌধুরী তাদের বক্তব্যে বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। শুধু আশ্বাসে কাজ হবে না, কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব জঘন্য অপরাধ নির্মূল করতে হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন ইসলামিয়া কলেজের প্রভাষক শুক্লা মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক রীনা বিশ্বাস, সচেতন নাগরিক শিশির কুমার বিশ্বাস, কবি হাসান টুটুল ও খোরশেদ আলম। বক্তারা অবিলম্বে রামিসাসহ সব শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন