জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিঞ্জিরাম নদে গোসল করতে নেমে শাকিলা আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার দক্ষিণ লংকারচর এলাকার আইনুলের খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শাকিলা ওই এলাকার আবু সাইদের মেয়ে। সে স্থানীয় লংকারচর নূরে জান্নাত মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শাকিলা তার দুই বান্ধবী লামিয়া ও সুমাইয়ার সঙ্গে জিঞ্জিরাম নদে গোসল করতে নামে। নদে ১৫-২০ মিনিট সাঁতার কাটার একপর্যায়ে হঠাৎ তারা তিনজনই স্রোতের তোড়ে ভেসে যায়। লামিয়া ও সুমাইয়া কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও শাকিলা নিখোঁজ হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ ও শাহাদত হোসেন বলেন, দুই কিশোরী তীরে উঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নদে তল্লাশি শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শাকিলার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ দক্ষিণ লংকারচর এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। স্থানীয়রা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন