জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। নজরুল বিশ্বাস করতেন-সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা নজরুলকে ভালোবেসেছেন, তারাই তার গভীরতা অনুভব করতে পারেন।’
রোববার (২৪ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ সদস্যদের (এমপি) জন্য করমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা বন্ধ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, জনগণের টাকায় বিলাসিতা করা সমীচীন নয়।’
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম, ত্রিশালের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা ও দায়রা জজ জাকির হোসেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল মাওলা এবং গবেষক রাশেদুল আনাম।
আপনার মতামত লিখুন