সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। আপনার-আমার চোখের সামনে যা ঘটছে তা তো মানতেই হবে। তবে পুলিশ, র্যাবসহ সব বাহিনীর সমন্বয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
শহরে অপরাধী শনাক্তে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’ (মুখাবয়ব শনাক্তকরণ ক্যামেরা) বসানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধের বিচারে কিছুটা সময় লাগলেও সাম্প্রতিক ধর্ষণসহ সব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
এর আগে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার ১ হাজার ১৫৮ জন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা তুলে দেন বাণিজ্যমন্ত্রী। মোট ৫৮ লাখ টাকার এই অনুদানের মধ্যে প্রধানমন্ত্রীর পাঠানো ৪১ লাখ ৩৫ হাজার টাকার সঙ্গে সিসিকের নিজস্ব তহবিল থেকে ১৬ লাখ ৫৫ হাজার টাকা যোগ করা হয়।
অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকটের কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বাস্থ্যঝুঁকি নিয়ে তাদের বসবাসের বিষয়টি তিনি অবগত। এ পরিস্থিতি পরিবর্তনে নতুন আবাসন প্রকল্প নেওয়ার আশ্বাস দেন তিনি।
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ নিয়ে মন্ত্রী বলেন, চামড়া দেশের সম্পদ। কোরবানির পর চার ঘণ্টার মধ্যে পশুর চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন