প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
বিচারব্যবস্থায় আস্থা, নৈতিকতা ও জবাবদিহিতা
জাহাঙ্গীর আলম সরকার ||
আধুনিক রাষ্ট্রব্যবস্থায় বিচারপ্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা শুধু একটি প্রশাসনিক প্রয়োজন নয়—এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তির অন্যতম প্রধান স্তম্ভ। আদালত শুধু আইন প্রয়োগের স্থান নয়; এখানেই নাগরিক আস্থার সর্বোচ্চ পরীক্ষা ঘটে। মানুষ যখন আদালতের দ্বারস্থ হয়, তখন তারা শুধু একটি রায় প্রত্যাশা করে না; তারা ন্যায়বিচারের নিশ্চয়তা খোঁজে। কিন্তু বিচারব্যবস্থার ভেতর থেকেই যদি অনৈতিক আচরণ, ঘুষের অভিযোগ বা ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত উঠে আসে, তবে সেই আঘাত কোনো একক মামলার সীমানায় সীমাবদ্ধ থাকে না। তা সরাসরি বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, বিচারিক নৈতিকতা এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থাকে নাড়া দেয়। তখন প্রশ্ন জাগে—ন্যায়বিচারের মন্দির কি সত্যিই অমলিন রয়েছে, নাকি তার ভেতরেই ধীরে ধীরে বিশ্বাসের ক্ষয় শুরু হয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজাই আজ সময়ের দাবি।সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে যে বিতর্কের জন্ম হয়েছে, তা দেশের বিচারব্যবস্থা ও আইনি নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাসে যুদ্ধাপরাধের মতো সংবেদনশীল ও গুরুতর অপরাধের বিচার পরিচালনার জন্য প্রতিষ্ঠিত এই ট্রাইব্যুনালের কার্যক্রম দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে আসছে। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে ঘিরে অনিয়ম বা অনৈতিকতার অভিযোগ উঠলে তা স্বাভাবিকভাবেই ব্যাপক জনমনোযোগ আকর্ষণ করে। এই ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা আইনগত ও নৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই তাৎপর্যপূর্ণ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কারাবন্দি এক সাবেক সংসদ সদস্যকে জামিনে মুক্তি দেয়ার বিষয়ে সহায়তার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট প্রসিকিউটর বড় অঙ্কের অর্থ দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে।বিতর্কটি আরও তীব্র হয়ে ওঠে যখন সংশ্লিষ্ট কথোপকথনের একটি অডিও রেকর্ডিং গণমাধ্যমে প্রকাশিত হয় বলে জানা যায়। সেই রেকর্ডিংয়ে অর্থ লেনদেন এবং জামিনের বিষয়ে সম্ভাব্য প্রভাব বিস্তারের ইঙ্গিত রয়েছে—এমন দাবি সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে। যদিও এই অডিও রেকর্ডিংয়ের সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে এখনও আনুষ্ঠানিক তদন্ত বা বিচারিক যাচাই সম্পন্ন হয়নি, তবুও বিষয়টি জনপরিসরে একটি গুরুতর আলোচনার জন্ম দিয়েছে।অন্যদিকে অভিযুক্ত প্রসিকিউটর অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবুও এ ধরনের অভিযোগ সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিচারব্যবস্থার নৈতিক মানদণ্ড প্রসিকিউটরদের পেশাগত দায়িত্ব এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আচরণ শুধু ব্যক্তিগত বিষয় নয়; তা সরাসরি রাষ্ট্রের আইন ও ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত। ফলে ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত অভিযোগের বিষয় নয়; বরং এটি বিচারিক নৈতিকতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং আইনি দায়বদ্ধতার প্রশ্নকে সামনে নিয়ে আসে। তাই বিষয়টি আইন ও নীতির দৃষ্টিকোণ থেকে গভীরভাবে পর্যালোচনা করা জরুরি।আইনগত দৃষ্টিকোণ থেকে বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তির ওপর নির্দিষ্ট নৈতিক, পেশাগত ও সাংবিধানিক দায়িত্ব আরোপিত থাকে। বিচারক, প্রসিকিউটর, আইনজীবী এবং তদন্তকারীÑ সবার সম্মিলিত ভ‚মিকার মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে ওঠে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা প্রসিকিউটরের দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি শুধু কোনো পক্ষের প্রতিনিধি নন; বরং রাষ্ট্রের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থ রক্ষা করেন। এই কারণেই ফৌজদারি বিচারব্যবস্থায় প্রসিকিউটরকে প্রায়ই ‘মিনিস্টার অব জাস্টিস’ বা ন্যায়বিচারের সহায়ক হিসেবে অভিহিত করা হয়। তার প্রধান দায়িত্ব শুধু দোষ প্রমাণ করা নয়; বরং আদালতের সামনে নিরপেক্ষভাবে প্রমাণ উপস্থাপন করা, সাক্ষ্য-প্রমাণের সত্যতা যাচাই করা এবং বিচারিক সত্য উদ্ঘাটনে সহায়তা করা। আন্তর্জাতিক পর্যায়েও প্রসিকিউটরের এই নৈতিক ভ‚মিকা স্বীকৃত। যেমন—‘ইউনাইটেড নেশনস গাইডলাইনস অন দ্য রোল অব প্রসিকিউটরস’-এ বলা হয়েছে যে প্রসিকিউটরদের অবশ্যই নিরপেক্ষতা, সততা ও পেশাগত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ব্যক্তিগত, রাজনৈতিক বা আর্থিক প্রভাবের অধীনে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।বাংলাদেশের আইনব্যবস্থাতেও এই নীতিগত দায়িত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ফৌজদারি বিচার প্রক্রিয়ার কাঠামো নির্ধারণকারী ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ অনুযায়ী রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের সহায়ক হিসেবে কাজ করেন এবং তার প্রধান দায়িত্ব হলো ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতের সামনে যথাযথ তথ্য ও প্রমাণ উপস্থাপন করা। একইভাবে আইনজীবীদের পেশাগত আচরণ নিয়ন্ত্রণকারী ‘দি বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার-১৯৭২’ (রাষ্ট্রপতি আদেশ নং-৪৬, ১৯৭২) এবং বাংলাদেশ বার কাউন্সিল-এর আচরণ বিধিতেও সততা, স্বচ্ছতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার বাধ্যবাধকতা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই প্রেক্ষাপটে কোনো প্রসিকিউটর যদি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেন—যেমন অর্থ বা অন্য কোনো সুবিধার বিনিময়ে জামিন, অভিযোগ গঠন বা মামলা পরিচালনায় প্রভাব বিস্তারÑ তাহলে তা শুধু ব্যক্তিগত অনৈতিকতা নয়; বরং গুরুতর পেশাগত অসদাচরণ এবং আইনের শাসনের পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে।বাংলাদেশের প্রচলিত আইনের আলোকে এমন অভিযোগ প্রমাণিত হলে তা একাধিক ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে। বিশেষত দুর্নীতি বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ তদন্তের ক্ষমতা রয়েছে দুর্নীতি দমন কমিশন-এর। একই সঙ্গে দণ্ডবিধি আইন-১৮৬০-এর বিভিন্ন ধারায় সরকারি কর্মচারীর অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং বিচারিক কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—বিচারপ্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার হাতে ন্যস্ত। ফৌজদারি বিচারব্যবস্থায় জামিন দেয়া বা না দেয়ার ক্ষমতা একমাত্র আদালতের এখতিয়ারভুক্ত এবং তা বিচারকের স্বাধীন বিচারিক বিবেচনার ওপর নির্ভর করে। তবে বাস্তবে প্রসিকিউটর আদালতের সামনে মামলার নথি উপস্থাপন করেন, তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তি প্রদান করেন। ফলে প্রমাণ উপস্থাপনের ধরন বা যুক্তির কাঠামো কখনও কখনও বিচারিক সিদ্ধান্তে পরোক্ষ প্রভাব ফেলতে পারে।এই প্রেক্ষাপটে বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ধাপকে কেন্দ্র করে অনৈতিক প্রস্তাব বা দুর্নীতির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই প্রসিকিউটরসহ বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির পেশাগত সততা ও নৈতিক দায়িত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা। অভিযোগকারী পক্ষ কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সংরক্ষণ করেছে বলে দাবি করেছে। প্রযুক্তির অগ্রগতির ফলে অডিও, ভিডিও এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য এখন বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।বাংলাদেশের সাক্ষ্য আইনে ইলেকট্রনিক রেকর্ডের গ্রহণযোগ্যতা স্বীকৃত রয়েছে সাক্ষ্য আইন-১৮৭২-এর সংশোধিত বিধানে। তবে আদালতে এ ধরনের প্রমাণ গ্রহণযোগ্য হতে হলে তার উৎস, সত্যতা এবং অখণ্ডতা যাচাই করা অপরিহার্য। সন্দেহ দেখা দিলে আদালত প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিতে পারেন। এ ধরনের পরীক্ষার মাধ্যমে অডিওর সম্পাদনা, ভয়েস শনাক্তকরণ এবং ডিজিটাল মেটাডাটা বিশ্লেষণ করা হয়, যা সাধারণত পরিচালনা করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ফরেনসিক ল্যাবরেটরি বা অন্যান্য স্বীকৃত পরীক্ষাগার। বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগ ওঠার পর নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযোগ তদন্তের এখতিয়ার রয়েছে দুর্নীতি দমন কমিশনের এবং পেশাগত শৃঙ্খলার প্রশ্নে ব্যবস্থা নেয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের।আইনের একটি মৌলিক নীতি হলো ‘ন্যাচারাল জাস্টিস’ বা প্রাকৃতিক ন্যায়বিচার, যার অন্যতম উপাদান হলো—কোনো ব্যক্তিকে শাস্তি দেয়ার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেয়া। ফলে অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, প্রমাণ বিশ্লেষণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা অপরিহার্য। অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান পুনরুদ্ধার করা যেমন জরুরি, তেমনই অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণও অপরিহার্য। কারণ বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা একবার নষ্ট হয়ে গেলে তা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন।কাজেই, এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন অভিযোগ হিসেবে দেখলে চলবে না। এটি বিচারপ্রক্রিয়ার নৈতিক ভিত্তি, পেশাগত আচরণবিধি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রশ্নকে সামনে নিয়ে আসে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারব্যবস্থা তখনই শক্তিশালী হয়, যখন সেখানে স্বচ্ছতা, সততা এবং আইনের শাসনের প্রতি অটল প্রতিশ্রুতি বজায় থাকে। ন্যায়বিচারের প্রকৃত শক্তি শুধু আদালতের রায়ে নয়—বরং সেই রায়ের প্রতি মানুষের অবিচল বিশ্বাসে নিহিত। আর সেই বিশ্বাস রক্ষা করা রাষ্ট্র, বিচারক, আইনজীবী, প্রসিকিউটর এবং বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব।[লেখক: আইনজীবী]
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত