প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
যাদুকাটা নদীতে বালুখেকো চক্রের থাবা, হুমকিতে এশিয়ার সর্ববৃহৎ শিমুলবাগান
প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ ||
যাদুকাটা নদীর তীরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহত্তম শিমুল বাগান রক্ষার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ পর্যটন সম্ভাবনাময় এলাকা অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শিমুল বাগান এলাকায় যাদুকাটা নদীর তীরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। উপজেলার শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত যাদুকাটা নদীর শিমুল বাগান সংলগ্ন অংশ থেকে বালু উত্তোলন করে আসছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের অন্যতম দর্শনীয় এই শিমুল বাগান এবং আশপাশের কয়েকটি সরকারি আদর্শ গ্রামসহ পাঁচ থেকে ছয়টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।মানববন্ধনে বক্তারা জানান, নদীর পাড় কেটে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে ভিটেমাটি হারিয়ে শতাধিক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এছাড়াও এই কার্যক্রমে এলাকার প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই পর্যটন স্পট শিমুল বাগান ও তীরবর্তী এলাকা রক্ষায় নদীর পাড় কাটা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত