প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
ঢাকা–আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
প্রতিনিধি, মানিকগঞ্জ ||
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার দক্ষিণখানের মাটির মসজিদ এলাকার চালাবন গ্রামের মোনায়েম খান (৪০) ও তার স্ত্রী জোসনা আক্তার (৩৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো-অ-১১-৪০৫৫ নম্বরের একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওই বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে পাটুরিয়াগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৯-৫২৫৪) আসছিল। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল চালক মোনায়েম খান ও তার পেছনে থাকা স্ত্রী জোসনা আক্তার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মোনায়েম খান মারা যান। পরে তার স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত