প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের একটি হোটেলে মেয়াদোত্তীর্ণ দই, নোংরা ও নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে বসু সুইসের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র বসুকে ২০০৯ সালের ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় গিফট কর্ণারের স্বত্বাধিকারী টিনা দেবীকে ২৫ হাজার টাকা, মেসার্স সওদাগর গিফট গার্ডেনের স্বত্বাধিকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ২৫ হাজার টাকা, মা রোকেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং মামুন গিফট কর্ণারের স্বত্বাধিকারী মাহফুজা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে ব্যবসায়ীদের দ্রুত সমস্যা সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।পবিত্র রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মসলার দোকানেও তদারকি করা হয়। এ সময় আইন মেনে মানসম্মত পণ্য কেনাবেচা, কেনাবেচার রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।তদারকি অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত