প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
উত্তরের ঈদযাত্রায় স্বস্তির পূর্বাভাস
ডিজিটাল ডেস্ক ||
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে সম্প্রসারিত হওয়ায় এবারের ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কে যানজট ও ভোগান্তি থাকছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ। ইতোমধ্যেই যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে নির্মিত ১১টি উড়ালসেতু এবং হাটিকুমরুল এক্সচেঞ্জের সার্ভিস রোড চালু হয়েছে, যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে এ মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তেন ঘরমুখী যাত্রীরা। তবে এবার বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও সড়ক সংস্কারের ফলে ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক।হাইওয়ে পুলিশের তৎপরতায় ট্রাফিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে যান চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করছে। ফিটনেসবিহীন ও ভাঙ্গাচোরা যানবাহন মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সাধারণ সময়ে যমুনা সেতুর মাধ্যমে উত্তরের ১৬টি ও দক্ষিণের ৬টি জেলায় প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ হাজার যানবাহন পারাপার হয়। ঈদ উপলক্ষ্যে গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় আগের বছরগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। এবার পুলিশ ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, ফলে ঘরমুখী মানুষের ঈদযাত্রা হবে এক দশকের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক।দূরপাল্লার বাসচালক আব্বাস ও সুপারভাইজার সাদ্দাম হোসেন জানান, ‘মহাসড়কে এবার যানজটের কোনো আশঙ্কা নেই। আগের মতো ঢিলছোঁড়া বা চাঁদাবাজির ঘটনাও এখন নেই। পুলিশ বিশেষ টহল চালাচ্ছে, ফলে আমরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছি।’হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘এবারের ঈদুল ফিতরের যাত্রা উত্তরের জনগণের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট হবে না। জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। অবৈধ দোকানপাট উচ্ছেদ ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল জানান, মহাসড়ক সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদের কাজ শেষ হয়েছে। এছাড়া সাসেক-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘চার লেনের মহাসড়ক ও সার্ভিস রোড চালু হওয়ায় এবার ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন। আমরা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করেছি।’সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, মহাসড়ক এখন সম্পূর্ণ যানজটমুক্ত। প্রায় এক হাজার ছয়শো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কোনো যানবাহন বিকল হলে তা দ্রুত সরিয়ে যানজট নিরসন করা হবে। সবমিলিয়ে এবার উত্তরের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তিদায়ক।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত