প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
গুমোট গরমের পর রাজধানীতে শিলাবৃষ্টি
ডিজিটাল ডেস্ক ||
টানা কয়েকদিনের গরম আর গুমোট পরিস্থিতির পর অবশেষে বৃষ্টির দেখা পেলেন রাজধানীবাসী। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় বজ্রসহ শিলাবৃষ্টি। সেই সঙ্গে ঝড়ো হাওয়ায় দুলে ওঠে চারপাশ।ছুটির দিন হলেও ঈদের কেনাকাটার কারণে রাজধানীর মার্কেট ও শপিংমলগুলোতে নগরবাসীর উপচে পড়া ভিড়। সড়কেও ছিল অসহনীয় যানজট। হঠাৎ বৃষ্টির কারণে শপিং মলে কেনাকাটা করতে যাওয়া মানুষ পড়েন বিপাকে।মেট্রোরেলের যাত্রীদের থমকে যেতে হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে আটকে পড়েন শত শত যাত্রী। তবে কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে ঝুম বৃষ্টি নগরজীবনে বয়ে আনে এক চিলতে প্রশান্তি। অবশ্য ভিন্ন দৃশ্য দেখা গেছে অমর একুশে বইমেলায়। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে শুক্রবার বইপ্রেমীদের ভিড় বেশি ছিল। শেষ মুহূর্তে বজ্রবৃষ্টির কারণে মেলার ছন্দ কেটে যায়। দুর্ভোগে পড়তে হয় স্টল মালিকদের। বিক্রেতারা জানান, শিলাবৃষ্টির কারণে অনেক স্টলে কিছু ক্ষতি হয়েছে।বইমেলায় আটকে যাওয়া কয়েকজন জানান, বজ্রঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় অনেক স্টলে রাখা বই ভিজে গেছে। অনেক স্টলের আবার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এর আগে আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।পূর্বাভাসে বলা হয়েছিল, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় জন্য পূর্বাভাস দেওয়া হয়েছিল।আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, দুপুর পর্যন্ত এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আগের দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আগের রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত