প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত তাজ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরে
ডিজিটাল ডেস্ক ||
মালদ্বীপের দিঘুরা দ্বীপে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা তাজ উদ্দিন ইসলাম রয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে দেশটির একটি আইল্যান্ডের নির্মাণকাজের সাইটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ। তিনি জানান, দুর্ঘটনায় বাংলাদেশি আরও দুই শ্রমিক আহত হয়েছেন।নিহত তাজ উদ্দিন ইসলাম (২৫) সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তার খালাতো ভাই আব্দুল খালেক জানান, চার বোনের এক ভাই ছিলেন তাজ। জীবিকার সন্ধানে প্রায় চার লাখ টাকা খরচ করে আট মাস আগে মালদ্বীপে যান তিনি। সেখানে একটি রিসোর্টে কাজ করতেন। তার চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।আব্দুল খালেক আরও জানান, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার ভাই মারা গেছে। তার পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। তার বাবা কিডনি জটিলতায় ভুগছেন।’দুর্ঘটনায় নিহত অন্য বাংলাদেশিরা হলেন—সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। এ ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন চিকিৎসাধীন রয়েছেন।শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।ঘটনার পরপরই খোঁজখবর নিতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত