প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়বে
||
মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে এই আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।বুধবার (৪ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব তথ্য জানান।উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসার সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই বলে তিনি উল্লেখ করেন।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়ে হুমায়ুন কবির বলেন, সরকার জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যদি পরিস্থিতি আরও অবনতি হয়, তবে প্রবাসীদের নিরাপদ প্রত্যাবাসন বা ইভাকুয়েশনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রাখা হয়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।উপদেষ্টা আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উৎস বহুমুখীকরণের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যে কোনো বৈশ্বিক সংকটে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল ও টেকসই রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।দেশের বর্তমান সরকার শক্তিশালী জনভিত্তির ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো সংকট মোকাবিলায় সরকার পূর্বপ্রস্তুতি নিয়ে কাজ করছে যাতে জনজীবনে এর প্রভাব না পড়ে।
সম্পাদক ও প্রকাশক : আলতামাশ কবির
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত