ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত মেরামতের আশ্বাস সিসিক প্রশাসকের
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ঝড়ে ক্ষতিগ্রস্ত লালদিঘিরপাড় হকার্স মার্কেটের অস্থায়ী বাজার (হকার্স শেড) পরিদর্শন করেছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক ক্ষতিগ্রস্ত শেডগুলো দ্রুত মেরামতের আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পণ্য বিক্রি করেন। এতে যেমন যানজট সৃষ্টি হয়, তেমনি নগরের সৌন্দর্যও নষ্ট হয়। এই সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য লালদিঘিরপাড় হকার্স মার্কেটের খালি জায়গায় অস্থায়ীভাবে শেড নির্মাণ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় ব্যবসায়ীরা এখানে বিনা খরচে ব্যবসা পরিচালনা করছেন এবং তাদের বিদ্যুৎ বিলও সিটি করপোরেশন বহন করছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হঠাৎ ঝড়ে শেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়ীদের কিছু মালামাল নষ্ট হয়েছে। দ্রুত মেরামতের মাধ্যমে ব্যবসায়ীদের নির্বিঘ্নে কারবার পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কালীঘাটের দিকে একটি বিকল্প সড়ক বের করে দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিসিকের নিজস্ব আয় অত্যন্ত সীমিত। নগরের মাত্র ৩০ শতাংশ বাড়ির মালিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। এই আয় দিয়ে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাইকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স দেওয়ার এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
‘গ্রিন ও ক্লিন সিটি’ গড়ার লক্ষ্যে নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ হকার নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির
নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম
প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন