রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৪
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৬১টি মামলা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও ডিবি পুলিশ রাজধানীর অলিগলিতে অভিযান পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগে ৬১, গুলশান বিভাগে ৫৯, উত্তরা বিভাগে ৫৭, তেজগাঁও বিভাগে ৫৬, ওয়ারী বিভাগে ৫৫, রমনা বিভাগে ৪৩, লালবাগ বিভাগে ৩৬ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ২শ ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা এবং ১টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়া মাদকদ্রব্য হিসেবে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। একই সঙ্গে ১টি পিকআপ, ১টি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), ৫টি মোটরসাইকেল, ৫টি ডামি পিস্তল, রান চাকু ও ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে দুই ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।