সংবাদ

জাতীয়

ইস্টার্ন রিফাইনারির তেল শোধনক্ষমতা বাড়ছে তিনগুণ

১২ হাজার কোটি টাকা দিচ্ছে আইডিবিদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং পরিশোধিত তেলে বিদেশনির্ভরতা কমানোর ঐতিহাসিক পদক্ষেপে বড় ধরনের অর্থায়ন নিশ্চিত হয়েছে।ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। এটি বাংলাদেশে কোনো একক প্রকল্পে আইডিবির ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে রেকর্ড গড়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের জন্য এই অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই বিশাল অঙ্কের অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও আইডিবির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হলো। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই সক্ষমতা তিনগুণ বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হওয়াসহ দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বহুলাংশে সুদৃঢ় হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও মানসম্মত ইউরো-৫ মানের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুবর্ণ সুযোগ তৈরি হবে।পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরতা উল্লেখযোগ্যহারে কমে আসবে। এতে বৈদেশিক মুদ্রার বিশাল অপচয় রোধ করা সম্ভব হবে এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জবাবে আইডিবি প্রধান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে এই সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং দুই পক্ষের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশ্বাস দেন।

ইস্টার্ন রিফাইনারির তেল শোধনক্ষমতা বাড়ছে তিনগুণ