সংবাদ

সাড়ে চার বছরের রিহান বাঁচতে চায়, প্রাণ বাঁচাতে সাংবাদিক বাবার আকুতি

নওগাঁর পত্নীতলার সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদের সাড়ে চার বছর বয়সী একমাত্র ছেলে রাগীব ইশরাক রিহান জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অপেক্ষায় রয়েছে। ভারতে প্রথম ধাপের একটি জটিল অস্ত্রোপচারের পর এখন তার জীবন বাঁচাতে দ্বিতীয় দফার সার্জারি প্রয়োজন হলেও অর্থাভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই রিহানের হৃদযন্ত্রে দুটি ছিদ্র ও দুটি রক্তনালিতে ব্লকের সমস্যা ধরা পড়ে। ২০২৪ সালের ১০ মে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হেলথ হাসপাতালে কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠির নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রিহানের প্রথম মাইক্রো সার্জারি সম্পন্ন হয়। তখন তার বয়স ছিল মাত্র দুই বছর চার মাস।প্রথম অস্ত্রোপচারের পর রিহান কিছুটা সুস্থ হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হতে থাকে। বর্তমানে সে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নাহার ফাতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন।চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত দ্বিতীয়বার অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) করা প্রয়োজন। এ জন্য তাকে পুনরায় বিদেশে উন্নত সেন্টারে বিশেষজ্ঞ চাইল্ড কার্ডিয়াক সার্জনের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।রিহানের বাবা সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ জানান, সন্তানের চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজি শেষ হয়ে গেছে। বর্তমানে তিনি ঋণগ্রস্ত। বসতবাড়ি ছাড়া আর কোনো সহায়-সম্বল অবশিষ্ট নেই। পেশাগত জীবনে মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরলেও আজ নিজ সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতা কামনা করছেন তিনি।সাহায্য পাঠানোর ঠিকানা :বিকাশ/নগদ/রকেট (পারসোনাল): 01728637440 (ইখতিয়ার উদ্দীন আজাদ, রিহানের বাবা)।একটি পরিবারের স্বপ্ন ও একটি শিশুর প্রাণ বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও বড় ভূমিকা রাখতে পারে।

সাড়ে চার বছরের রিহান বাঁচতে চায়, প্রাণ বাঁচাতে সাংবাদিক বাবার আকুতি