গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৪’ স্মরণে আলোচনা সভা, জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের বীরত্বগাথা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন।সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী তোমার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আহত, নিহত ও গুমের শিকার পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে জুলাই আন্দোলনের মিছিল-সমাবেশের ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা সেই সময়ের স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে দেশাত্মবোধক গান ও পুতুলনাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।