সংবাদ

সারাদেশ

আওয়ামী লীগ গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সম্ভাবনা থাকলেও বিগত আওয়ামী লীগ সরকার তা উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, দেশে বিদ্যমান গ্যাস সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার গ্যাস উত্তোলনে উদ্যোগ না নেওয়ায় আজ সংকট প্রকট হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে বিদ্যুৎ ও গ্যাসনির্ভর খাতগুলোতে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।”দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপি কোনো ধরনের অন্যায় বা বিশৃঙ্খলা সমর্থন করে না। তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে—যারা কোনো অপরাধ করেননি, তাদের যেন কোনোভাবেই হয়রানি না করা হয়। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।”বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আওয়ামী শাসনামলে দেশের শিক্ষা ও কৃষিসহ প্রতিটি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব খাত পুনর্গঠন ও আধুনিকায়নে কাজ করবে।’এর আগে বিকেলে নগরকান্দা উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে র‍্যালি বের করা হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।রাজনৈতিক কর্মসূচি শেষে শামা ওবায়েদ ইসলাম উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 আওয়ামী লীগ গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী