সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকচালক রিপন শেখ (৩৮) খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে গাভা এলাকায় ট্রাকটি সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির কাগজপত্র চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ট্রাকসহ ৭ হাজার লিটার পেট্রোল জব্দ করে চালককে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন—মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, জব্দ করা পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন