নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মজিনা খাতুন ওরফে রূপসী (২৬)। তিনি ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে। এ ঘটনায় তার স্বামী আবদুল মোকিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আবদুল মোকিম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অলীদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আবদুল মোকিম হাতের কাছে থাকা একটি প্রেসার কুকার দিয়ে রূপসীর মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আবদুল মোকিমকে আটক করেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন