মাদারীপুরে হামের উপসর্গ নিয়ে আদিবা নামে সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১১ শিশু চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাতে আদিবার মৃত্যু হয়। সে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আবদুর রহমানের মেয়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটি ঢাকা থেকে হামে আক্রান্ত হয়ে এসেছিল। তার উন্নত চিকিৎসার জন্য আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) প্রয়োজন ছিল। কিন্তু জেলা হাসপাতালে সেই সুবিধা না থাকায় ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২২ মার্চ প্রথম এক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। এরপর এক সপ্তাহের মধ্যে একই উপসর্গ নিয়ে আরও ১৪ শিশু হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ১১ শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম খান বলেন, বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এটি অত্যন্ত সংক্রামক। কোনো শিশুর মধ্যে উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এদিকে হামের সংক্রমণ রোধে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু ওয়ার্ডের পাশে একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করেছে। তবে আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বেগ কাটছে না অভিভাবকদের। রেহেনা বেগম নামের এক অভিভাবক অভিযোগ করেন, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পাওয়া যাচ্ছে না এবং উন্নত চিকিৎসার অভাব রয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার বলেন, ‘হামের সংক্রমণ ঠেকাতে আমরা আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। তবে এখানে শিশুদের জন্য কোনো পেডিয়াট্রিক আইসিইউ নেই। জটিল রোগীদের আমরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দিচ্ছি।’
আপনার মতামত লিখুন