বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশু রাফসা আক্তারকে খুলনা থেকে উদ্ধার করেছে র্যাব-৬। বুধবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি অপহরণে জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে। তিনি ফকিরহাটের ছোট বাহিরদিয়া গ্রামে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী হিসেবে ভাড়া থাকতেন। শিশু রাফসা আক্তার ওই গ্রামের মো. আবদুর রশিদ খানের মেয়ে।
ফকিরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, গত বুধবার বেলা ১১টার দিকে নয়নের স্ত্রী প্রতিবেশী আবদুর রশিদের ১৮ মাস বয়সী মেয়ে রাফসাকে কোলে নেওয়ার কথা বলে নিজেদের বাসায় নিয়ে যান। দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে চলে গেছেন।
র্যাব সূত্র জানায়, পরে শিশুটির বাবা আবদুর রশিদ মুঠোফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন এবং শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। এরপর বিষয়টি র্যাব ও পুলিশকে জানানো হলে অভিযান শুরু হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খুলনার সদর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন