মানিকগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রি এবং অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পৃথক দুটি বাজারে এই তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে দেখা যায়, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারের ‘আলী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে কোনো মূল্যতালিকা ছিল না। এ ছাড়া দোকানটি গ্রাহকদের কাছ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করছিল। এই অপরাধে দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক খেয়াঘাট বাজারে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে খুচরা ও পাইকারি তেল ব্যবসায়ী সুকুমারের দোকানে অবৈধভাবে ডিজেল মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায়ে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন