দেশের যেকোনো দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির মিলনায়তনে ‘বিয়ন্ড দ্য হরাইজন : গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এই আহ্বান জানানো হয়। অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে দুর্যোগকালীন যোগাযোগব্যবস্থা এবং জরুরি ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা। অনুষ্ঠানে বক্তারা প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে ‘হ্যাম রেডিওর’ গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি আয়োজন প্রশংসনীয়। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনা খাতকে আরও শক্তিশালী করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রফিকুর রহমান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং বিটিআরসি অনুমোদিত হ্যাম অপারেটর ও এআরএবি সদস্য মেজর জলিল। এ ছাড়া অধ্যাপক নাজমা শামস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দিন ও এসএবির নির্বাহী পরিচালক ড. এম এ মান্নান উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল বক্তা হিসেবে যোগাযোগ কৌশল তুলে ধরেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ফিলিপ স্প্রিংগার (DK6SP), স্বেন লোভরিচ (DJ4MX), লিয়ন হেলমিচ (DL3ON) এবং জেমি উইলিয়ামস (M0SDV)। এআরএবির সভাপতি ড. মির শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সমন্বয় করেন অনুপ কুমার ভৌমিক ও জামিল আহমেদ।
বক্তারা জানান, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যখন সাধারণ নেটওয়ার্ক অকেজো হয়ে পড়ে, তখন হ্যাম অপারেটররা স্বাধীন যোগাযোগব্যবস্থা বজায় রেখে উদ্ধারকর্মীদের সহায়তা করেন। সেমিনারের আগে বরিশাল ও খুলনার উপকূলীয় এলাকায় ১৫ দিনের এক মাঠ সমীক্ষা চালিয়েছে এআরএবি। সেই অভিজ্ঞতার আলোকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি তরুণ স্বেচ্ছাসেবককে জরুরি পরিস্থিতিতে কার্যকর যোগাযোগের প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত বিশেষজ্ঞরা বিজ্ঞানমুখী ক্যারিয়ার গড়তে এবং জাতীয় প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের উৎসর্গ করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন