বাগেরহাটের ফকিরহাটে পাম্পে মোটরসাইকেলে তেল নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ইয়াছিন শেখ (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ. বারির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য মহাসড়ক সংলগ্ন ‘আরা ফিলিং স্টেশনে’ প্রবেশ করছিলেন। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে একই দিন সকালে উপজেলার পিলজঙ্গ এলাকায় একটি ক্রেনবাহী গাড়ি উল্টে ইসরাফিল শেখ (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। এ ছাড়া শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বাইসাইকেল আরোহী আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন