প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ও ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা খুবই কম। তাই প্রত্যেকের উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়া। বৃক্ষহীন পরিবেশ আমাদের জীবন ও জীবিকার জন্য বড় হুমকি।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে আমাদের সচেতন হতে হবে। সুস্থ জীবনের জন্য সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে এই কর্মসূচিতে সবার অংশগ্রহণ জরুরি।’
তিনি আরও উল্লেখ করেন, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণে পৃষ্ঠপোষকতা করে পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ‘সিলেটের ডাক’-এর অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব প্রকৌশলী মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব পরিচালক মোহাম্মদ কবির আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন