নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, যারা টাকার বিনিময়ে কাজ বণ্টন বা অনিয়মে জড়িত থাকবে, তারা বিএনপিতে থাকতে পারবে না; তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
সোমবার (১৬ মার্চ) নওগাঁর পোরশা উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের জন্য যা যা প্রয়োজন, তা তাকে জানালে তিনি ব্যবস্থা নেবেন। পোরশা ও সাপাহার উপজেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত উল্লেখ করে তিনি বলেন, এ দুই উপজেলায় আমভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার আশা রয়েছে। পাশাপাশি এলাকায় আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন