কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট ব্যবহার করে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় একটি মসজিদ কমিটি। এই নিয়ম অমান্য করলে সামাজিক বয়কটসহ মৃত্যুর পর গ্রাম্য কবরস্থানে দাফন করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার এলাকায় মাইকিং ও আলোচনার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। তবে এ নিয়ে গ্রামটির একটি অংশের বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটির এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামে কোনো বাড়িতে সাউন্ড বক্স বা মাইকসেট বাজানো হলে তাদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। এক কথায়, তাদের সামাজিকভাবে বয়কট করা হবে।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, ‘গত ২৭ মার্চ জুমার নামাজের পর আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোরআনে গানবাজনা নিষিদ্ধ। সম্প্রতি কিছু বিয়ে ও সুন্নতে খৎনার অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানো হয়েছে, যা অসুস্থ মানুষসহ সবার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। তাই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কুরবান আলী জানান, উচ্চশব্দের কারণে নামাজ ও কোরআন তিলাওয়াতে অসুবিধা হয়। তবে নির্দিষ্ট স্থানে প্যান্ডেল করে অনুষ্ঠান করতে কোনো বাধা নেই।
জানা যায়, সম্প্রতি জমারত আলী ও রুপা খাতুন দম্পতির এতিম নাতি আলিফের (৭) সুন্নতে খৎনা উপলক্ষে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-উল্লাস করা হয়েছিল। এ নিয়ে মুসল্লিদের সঙ্গে তর্কাতর্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে শুক্রবার মসজিদ কমিটি এই বিতর্কিত ঘোষণা দেয়।
এই ঘোষণাকে ‘বাড়াবাড়ি’ আখ্যা দিয়ে কুমারখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার লিটন আব্বাস বলেন, ‘প্রতিটি মানুষ স্বাধীন। এভাবে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়ার আইনি এখতিয়ার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।’
বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, ‘সব ধরনের গানবাজনা বন্ধের বিষয়টি ঠিক ওভাবে বলা হয়নি। উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো বন্ধের বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি।’ তবে মাইকিংয়ে দাফন না করার বিষয়ে কী প্রচার হয়েছে, তা তিনি জানেন না বলে দাবি করেন।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘দেশের প্রচলিত আইনে এভাবে গানবাজনা বন্ধ বা দাফন করতে না দেওয়ার কোনো সুযোগ নেই।’ আর কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন