পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘উন্নয়নকাজের গুণগত মানের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত এর সুফল ভোগ করতে পারে।’
শনিবার (৪ এপ্রিল) নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা শেষে তিনি এসব কথা বলেন।
সকাল থেকেই প্রতিমন্ত্রী নগরকান্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শনে অংশ নেন। তিনি পর্যায়ক্রমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং উপজেলা ভূমি অফিস ঘুরে দেখেন।
এ সময় তিনি সরকারি সেবার মান যাচাই করেন এবং সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।
পরে দুপুরে সালথা উপজেলায় পৌঁছে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
শামা ওবায়েদ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
পরিদর্শনকালে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরাও এ সময় তার সঙ্গে ছিলেন।
আপনার মতামত লিখুন