কক্সবাজারে চলমান হাম ও রুবেলার প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা পর্যায়ে ‘জরুরি টিকাদান কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সফল হতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই জরুরি টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জেলায় হাম-রুবেলার সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যাপক টিকাদানের মাধ্যমে দ্রুতই এই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন