ঝিনাইদহের মহেশপুরে চোর সন্দেহে জামাল হোসেন (৪০) নামে এক অসুস্থ ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে উপজেলার এসবিকে ইউনিয়নের কাকিলাদাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার জামাল হোসেন মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর কুমিল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হোসেন আগে একবার ব্রেন স্ট্রোক করায় স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে পারেন না। কোনোমতে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাচ্ছিলেন। সোমবার সকালে যাত্রী নিয়ে কোটচাঁদপুরে যাওয়ার পর ফেরার পথে কাকিলাদাড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় কিছু লোক তাকে আটক করেন। কয়েক দিন আগে ওই এলাকায় একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে চোর সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, লাঠির আঘাতে জামালের কোমরের নিচ থেকে পা পর্যন্ত গুরুতর জখম হয়েছে এবং শরীরে রক্ত জমাট বেঁধেছে।
জামাল হোসেনের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, ‘আমরা খুব গরিব মানুষ। আমার স্বামী অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে ভ্যান চালিয়ে আমাদের মুখে খাবার তুলে দেন। তাকে এমনভাবে মারা হয়েছে যে তিনি ভবিষ্যতে আর কাজ করতে পারবেন কি না, তা নিয়ে আমরা চিন্তিত। তার চিকিৎসার খরচ চালানোও আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।’
এই ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় মো. মাইনুদ্দিন মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন