সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক শিকারি আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মান্দার গাজীর ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার রহমান সহযোগীদের নিয়ে সকালে সুন্দরবনের নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণ করছিলেন। এ সময় একদল বনদস্যু সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বেলা ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমানকে স্টেশনে আনা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে সুন্দরবনে বনদস্যুদের এই হঠাৎ হামলায় বনজীবী ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে মাঝেমধ্যেই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। এতে তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে। বনদস্যুদের দমনে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন বনজীবীরা।
আপনার মতামত লিখুন