কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল আওয়ালকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুণ্ডুপাড়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে আব্দুল আওয়ালের পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রী শাহানা খাতুনের (৩০) সঙ্গে বিবাদ সৃষ্টি হয়। শাহানা তার স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করলে আওয়াল ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে সবার সামনে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিন সন্তানের জননী শাহানার মৃত্যু হয়। এ সময় ছেলের হাত থেকে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে আহত হন আওয়ালের মা-ও। পরে প্রতিবেশীরা এসে আব্দুল আওয়ালকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই শফি উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
আপনার মতামত লিখুন