কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে গত ১০ দিনে ৫০১টি মামলা ও ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ থেকে আজ পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। মোটরযান চালকদের লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, দ্রুতগতিতে গাড়ি চালানো, এক মোটরসাইকেলে তিনজন আরোহী এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়।
মোট ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানার মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ইতিমধ্যে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৫০টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
জেলা ট্রাফিক পুলিশ জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী—মোটরযান রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিশ্চিত করার লক্ষ্যে পেট্রলপাম্পগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। এই তিন শর্ত পূরণ করলেই কেবল চালকেরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং আইনের প্রয়োগ জোরদার করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন