অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল গায়েব ও কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে রেখেছে। ফলে বাজারে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
তারা অবিলম্বে বাজার তদারকি জোরদার করা, মজুতদারি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক সালাম তাসির, আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক রহিম উল্লাহ লিটন এবং কবি ও লেখক সাহিদা ইসলাম প্রমুখ।
বক্তারা আরও বলেন, সরকারকে নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের অধিকার রক্ষায় আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজবাড়ীর স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন