রাজধানীর আফতাবনগরের আনসার ক্যাম্প এলাকায় যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) লায়ন এ বাদল আই অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এই চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিকিৎসা ব্যবস্থাপনায় ছিল লায়ন এ বাদল আই অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ফ্যাকো সেন্টার। যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে আসা রোগীদের চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এর মধ্যে বেশ কয়েকজন রোগীর চোখের ছানি শনাক্ত করা হয়েছে। তাদের পরবর্তীতে অপারেশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ক্যাম্পে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চোখের যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক সংকটে চিকিৎসা নিতে না পারা ব্যক্তিদের সেবা নিশ্চিত করাই ছিল এই ক্যাম্পের মূল লক্ষ্য।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘চোখের সমস্যার কারণে চলাফেরায় খুব অসুবিধা হতো। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। এই ক্যাম্পের মাধ্যমে আমার ছানি শনাক্ত হয়েছে এবং অপারেশনের আশ্বাস পেয়েছি। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, জ্যেষ্ঠ শিক্ষক হাফেজ মাওলানা আতিকুল্লাহ আল-মাদানি ও মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার অভাবী মানুষের জন্য এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখা প্রয়োজন।’
আপনার মতামত লিখুন