নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে একটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। কালীতলা ব্রিজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত বিস্তৃত সাত কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় তিন ইউনিয়নের কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধন শেষে তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘কৃষি উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারও সেই লক্ষ্য নিয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খনন কাজ শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য খালগুলোও পুনর্খনন করা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, প্রায় ২০ বছর পর এই খালটি পুনর্খনন করা হচ্ছে। এর ফলে বর্ষাইল, হাঁপানিয়া ও চকগৌরী ইউনিয়নের কয়েক হাজার কৃষক নামমাত্র খরচে জমিতে সেচ সুবিধা পাবেন। এতে ধান ও সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষিখাত আরও সমৃদ্ধ হবে।
বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন প্রমুখ। এ ছাড়া যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এই খাল পুনর্খনন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আপনার মতামত লিখুন