উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে না পারলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান। তিনি বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা সহ্য করা হবে না।
শনিবার (১১ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ আদর্শ একাডেমির মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এম এ হান্নান বলেন, ‘এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি নিরলস কাজ করে যাব। কীভাবে বরাদ্দ আনতে হয়, তা আমার জানা আছে। কিন্তু কাজ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ঠিকাদার যদি কাজ শেষ না করেন, তবে সংশ্লিষ্টদের কালো তালিকাভুক্ত করা হবে। জনগণের টাকায় করা উন্নয়ন নিয়ে কোনো নয়ছয় করতে দেওয়া হবে না।’
আদর্শ একাডেমির দীর্ঘদিনের অবকাঠামোগত সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উপজেলার অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। রাজনৈতিক সংকীর্ণতার কারণে এখানে একটিও পাকা ভবন নির্মাণ করা হয়নি। আমি কথা দিচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানে একটি আধুনিক ভবন নির্মাণের সব ব্যবস্থা নেওয়া হবে।’ ভবিষ্যতে কোনো ধরনের বৈষম্যমূলক রাজনীতি চলবে না বলেও তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি এখন কোনো নির্দিষ্ট দলের নন, বরং পুরো জনগণের প্রতিনিধি। আপনি যদি জনস্বার্থে এবং বৈষম্যহীনভাবে কাজ করেন, তবে জামায়াতে ইসলামী সব সময় আপনার পাশে থাকবে। তবে বৈষম্যের রাজনীতি করা হলে আমাদের পক্ষে পাশে থাকা সম্ভব হবে না।’
ইসলামী ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল, আদর্শ একাডেমির অধ্যক্ষ হারুনুর রশীদ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ও পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ।
সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন