ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে তিনি এই সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। মন্ত্রী সেবার গুণগত মান, ইন্টারনেটের গতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর ফলে দেশি-বিদেশি যাত্রী ও পর্যটকেরা সহজেই ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। পর্যটকদের সুবিধা ও ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে কক্সবাজারের আরও কিছু পর্যটন এলাকায় ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এর আগে দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
তিনি বলেন, উপকূলীয় ও মৎস্য খাতের নিরাপত্তায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা জরুরি। সমুদ্রে থাকা জেলেদের জন্য সাইক্লোন সতর্কতা, নিরাপত্তা ও জরুরি যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পরিদর্শন শেষে মন্ত্রী ও উপদেষ্টা রেলস্টেশন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একদিনের সরকারি সফরে সকালে ঢাকা থেকে কক্সবাজারে আসেন মন্ত্রী
আপনার মতামত লিখুন