ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে দায়ের করা ৫টি মামলার আসামি দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) ভোরে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন ডালিম ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডালিম পলাতক ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পল্লবীতে ডালিমের বোনের বাসায় অভিযান চালায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে বিকেলে ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হলে আদালত ডালিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম জানান, ডালিমকে গ্রেপ্তার করে ফেনী নিয়ে আসা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল দাস বলেন, ডালিম গত বছরের ৪ আগস্ট মহিপালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা ৫টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড আবেদন করা হতে পারে।
আপনার মতামত লিখুন