টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাতেমা ওই এলাকার দর্জি ব্যবসায়ী আবু সামার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে নিখোঁজ ছিল ফাতেমা। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিখোঁজের বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়। রোববার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের প্রতিবেশী এক মাদকাসক্ত চাচাতো ভাইয়ের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই তরুণ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রক্রিয়া চলছিল।
আপনার মতামত লিখুন