ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ২০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, হালুয়াঘাটের মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে জমি নিয়ে শুক্কুর আলীর দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলীর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারের জমিতে জোরপূর্বক ধান কাটতে যান। খবর পেয়ে নূরুন্নাহার এবং তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের ওপর হামলা চালান।
হামলায় নূরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হাবিবুর রহমান ও খলিলুর রহমান গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা নূরুন্নাহারের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় নূরুন্নাহার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। হামলার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মামা হাবিবুর রহমান মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।
আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হারুনুর রশিদ।
আপনার মতামত লিখুন