রাজবাড়ীতে লিটন খান (৪৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লাপাড়া জামে মসজিদ এলাকার বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিটন খান সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের রামচন্দ্রপুর তালতলা এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে লিটন তার জ্যাকেট নিয়ে ঘর থেকে বের হন। যাওয়ার সময় স্ত্রীকে বলে যান, 'রাস্তায় রিকশা রাখা আছে, তালা দিইনি।'
রাত ১২টার দিকে স্ত্রী হালিমা বেগম তাকে ফোন দিলেও তিনি ধরেননি। রাত তিনটার দিকেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর আজ সকালে উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেড়িবাঁধ থেকে হিঁচড়ে পদ্মা নদীর পাড়ে পানির মধ্যে ফেলে রাখে।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করে লাশ গুম করার জন্য নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন