লক্ষ্মীপুরের কমলনগরে বারবার চুরির ঘটনায় ক্ষোভ জানিয়ে ২ ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ীরা। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চর লরেন্স বাজারের সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ীরা জানান, চর লরেন্স বাজারে প্রায় ৮০০ দোকান থাকলেও পুরো বাজার পাহারার জন্য পাহারাদার আছেন মাত্র দুজন। গত রমজানের শেষ দিকে একটি বড় চুরির ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে আবারও দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, চর লরেন্স বাজার পরিচালনা কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। অভিভাবকহীন অবস্থায় থাকায় বাজারে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তারা দ্রুত বাজার পরিচালনা কমিটির নির্বাচন এবং পাহারাদার বাড়ানোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিন প্রমুখ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে কাজ করছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ‘বারবার চুরির বিষয়টি দুঃখজনক। আমরা দ্রুত ওসি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসে এ বিষয়ে কার্যকর আইনি পদক্ষেপ নেব।’
আপনার মতামত লিখুন