ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝখানে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (হকার) নিহত হয়েছেন। রোববার ( ১২ এপ্রিল) বিকেল চারটার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাসস্ট্যান্ডে বিভিন্ন বাসে হকারি করে পণ্য বিক্রি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে উসমান আলী মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা বাস ও চলন্ত বাসের মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উসমান আলীর মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়ে স্বজনদের সঙ্গে আলোচনা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘাতক বাসটি চিহ্নিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন